করোনা মহামারী পরিস্থিতির কারণে নানা বিধিনিষেধের কবলে পড়েছে ঈদ উদ্যাপন। তার ওপর যোগ হয়েছে বৃষ্টির বাগড়া।
চাঁদ দেখা সাপেক্ষে এবার বৃহস্পতি অথবা শুক্রবার ঈদ হতে পারে। আর ওই দুই দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম বলেন, আগামী বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হবে। তাই বলা যায়, এবারের ঈদটা বৃষ্টিপাতের মধ্য দিয়ে যাবে।
এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ৭২ ঘণ্টা (তিন দিন) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে। এই সময় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৪ মিলিমিটার।





