জাতীয়

ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা: কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২১

বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে। তবে জীবন ও জীবীকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেত‍ুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

এসময় পরিবহন শ্রমিকসহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত ও ধৈর্য ধরার এবং দলীয়ভাবে ভাসমান মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে রংপুর সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

এসময় তিনি বলেন, সামনে ঈদ ও বর্ষাকাল, চলমান লকডাউনে সড়ক ফাঁকা থাকায় এখনই সড়ক মেরামত করার উপযুক্ত সময়।

বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এসময় তিনি আরো বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদবৃত্তের দেশে পরিণত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি গতবারের মতো এবারও কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এর আগে, রোববার এক ভার্চুয়াল বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ রোধে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ আরোপের সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। প্রস্তাবিত এই লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তারা।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কমপক্ষে দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন সুপারিশ করেছিল। কমিটি মনে করে, ‘বৈজ্ঞানিকভাবে দুই সপ্তাহের কম লকডাউনে কার্যকর ফলাফল আশা করা যায় না।’

যদিও জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশক্রমে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় আজ সোমবার (১৯ এপ্রিল) সকালে এ সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads