মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে উদযাপিত তা জানা যাবে আজ মঙ্গলবার। জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গতকাল সোমবার বলেন, কাল (মঙ্গলবার) মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।
এদিকে সৌদি আরবের আকাশে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩১ জুলাই দেশটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে।
এর আগের দিন ৩০ জুলাই পালিত হবে হজ।
সোমবার দিবাগত মধ্যরাতে আরব নিউজসহ মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলক্ব্দ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসাবে ২২ জুলাই শুরু হবে জিলহজ মাস। সে হিসাবে ৯ জিলহজ মোতাবেক ৩০ জুলাই ‘আরাফাত দিবস’ বা হজ পালন করবেন হজযাত্রীরা। অন্যদিকে ১০ জিলহজ মোতাবেক ৩১ জুলাই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।
চাঁদ দেখা সাপেক্ষেই মুসলিম বিশ্বে বাৎসরিক ও মাসের হিসাব করা হয়। ইংরেজি বছরের ৩৬৫ দিনের বিপরীতে আরবি বছরে ৩৫৫ দিন। পবিত্র রমজান ও ঈদুল ফিতর সব কিছু চাঁদ দেখার ওপর নির্ভরশীল। হজের দিন তারিখ ও ঈদুল আজহার তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করে।





