আশুলিয়ায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে আখি মনি নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে আরো দুইজন।
গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার আশুলিয়ার রুপায়ণ মাঠ সংলগ্ন দক্ষিণ পবনারটেক এলাকার হানিফ ও হুমায়ুনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহত আখিমনি লালমনিরহাট জেলা থানার বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে হুমায়ুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে হানিফের বাড়িতে আগুন লাগে। হুমায়ুনের বাড়িতে ৬টির মত কক্ষ আছে। সেখানে এক কক্ষে শিশু আখিমনি সহ আরো দুই শিশু মিলে খেলাধুলা করছিল। দুই শিশুকে উদ্ধার করতে পারলেও আখি মনি ঘরের ভিতর লুকিয়ে থাকার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে সে বের হতে না পেরে পুড়ে মারা যায়। দুই বাড়ি মিলিয়ে প্রায় ১৬ টি কক্ষ পুড়ে গেছে।
ডিইপজেড ফায়ার সার্ভিসের ওয়ার হাউজের ইনচার্জ জিহাদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। মুলত গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। এঘটনায় একটি শিশুর মৃত্যু হয়।





