সিয়াম নরসিংদীর রেল স্টেশন ও সরকারি কলেজে ঘুরে ঘুরে পথচারী ও ছাত্র-ছাত্রীদের কাছে ফুল বিক্রি করে। করোনা ভাইরাসের কারণে রেলস্টেশন এখন জনশূন্য। একইদিকে সরকারি কলেজ বন্ধ থাকায় কোনো ছাত্র ছাত্রী কলেজে আসে না। তাই সিয়াম এখন ফুল বিক্রি করতে পারে না। যার কারণে তাকে ত্রাণের খাদ্য সামগ্রীর দিকেই চেয়ে থাকতে হয়। অনেক দিন ধরেই ভালো কোন খাবার খেতে পারে না। সিয়ামের মত এমন ৬০ জন পথ শিশুদের মধ্যে একবেলা ভালো মানের খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী।
শনিবার বিকালে নরসিংদী সরকারি কলেজ মাঠে আলোকিত নরসিংদীর উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এ সময় প্রত্যেককে মোরখ পোলাও, কোমলজাত পানীয় কোক ও মিস্টি প্রদান করা হয়। আর সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শাহরুখ খান, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী সদর উপজেলার ভূমি কর্মকর্তা শাহআলম মিয়া, আলোকিত নরসিংদী সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলসহ প্রমুখ।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, করোনার মহামারীতে মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্তরা খুব কষ্টে দিন যাপন করছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন সকলের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে কাজ করছে। এই বৈশ্বিক মহামারীতে সরকারের পাশাপাশি সামর্থ্যবানদের ও এগিয়ে আসতে হবে। আলোকিত নরসিংদী পথ শিশুদের মাঝে ভালো মানের খাবার বিতরণ করে হাসি ফুটিঁয়েছে। এইরকম মহৎ কাজে যারা এগিয়ে আসবে তাদের পাশে জেলা প্রশাসন সবসময় সহযোগীতার হাত বাড়িয়ে দেবে।
আলোকিত নরসিংদী সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, করোনার মহামারীর শুরু থেকেই আমরা সাধারণ মানুষের পাশে থেকেছি। আমরা ইতিমধ্যে ৮৩০ জন মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আর শতাধিক পথ শিশুদের ইফতার করিয়েছি। আর এইসব শিশুদের মুখে এক চিলতে হাসির জন্য ভালো মানের খাবার বিতরণ করেছি।





