আজ ও কাল বন্ধ থাকবে বাণিজ্য মেলা

ফাইল ছবি

জাতীয়

আজ ও কাল বন্ধ থাকবে বাণিজ্য মেলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ জানুয়ারি, ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কারণে আজ ও আগামীকাল বন্ধ থাকছে বাণিজ্যমেলা। খোলার পরে আবারো ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।  মেলা বন্ধ রাখার জন্য গত মঙ্গলবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠিয়েছিলেন। এর পরিপেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে।

সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যমেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২০৫ জন সদস্য ২৪ ঘণ্টা মোতায়েন রাখতে হয়। অন্যদিকে সিটি নির্বাচন আয়োজনেও ঢাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করতে হচ্ছে।

ফলে বিদ্যমান জনবল নিয়ে পুলিশের পক্ষে বাণিজ্যমেলা ও নির্বাচনে একই সঙ্গে প্রয়োজনীয়সংখ্যক সদস্য মোতায়েন কঠিন হয়ে পড়েছে।

এদিকে প্রতি বছর মাসব্যাপী নিরবচ্ছিন্নভাবে এ মেলা চললেও এ বছর বারবার বন্ধে বাগড়া পড়ছে মেলায়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপনের ক্ষণগণনা অনুষ্ঠান হয়েছিল তেজগাঁও পুরোনো বিমানবন্দরে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে মুজিব বর্ষের ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথ উদ্যোগে গত ১০ জানুয়ারি বাণিজ্য মেলা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও জন্মশতবর্ষ উদ্‌যাপনের ও কয়েকটি কারণে এ বছর চারদিন মেলা শুরু হয়েছে দুই ঘণ্টা পরে।

এদিকে চলমান বাণিজ্য মেলার মেয়াদ চার দিন বেড়েছে এ বন্ধের বাগড়ার কারণে। এ বছর মেলা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে মেলার সময় আটদিন বাড়ানোর জন্য দাবি করেছিলের মেলার ব্যবসায়ীরা। তবে মেলা বাড়ানো হয়েছে চারদিন।

অন্যদিকে মেলায় বেচা-বিক্রি বাড়ে শুক্রবার। এ কারণে ভোটের দিন শনিবার বন্ধ থাকলেও আজ মেলা খোলা রাখার দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু ইসির নির্দেশের কারণে সেটা হয়নি।

প্রতিবারের মতো এবারো ১ জানুয়ারি থেকে এবারের বাণিজ্য মেলা শুরু হয়। আর মেলা ৪ ফেব্রুয়ারি শেষ হলেও ৩ ফেব্রুয়ারি হবে মেলার সমাপনী অনুষ্ঠান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads