হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার নিবার্চন ৪ মে অনুষ্ঠিত হবে । সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রায় দুই ডজন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১০ ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৩ জন। তাঁরা এলাকায় ঘুরে ভোটারদের সমর্থন ও দোয়া চাচ্ছেন। জনসমর্থন আদায়ে প্রার্থীরা বিভিন্ন সামাজিক, পারিবারিক ও বর্মীয় অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণের জোর চেষ্টা চালাচ্ছেন।
চেয়ারম্যান পদে আলোচনায় আছেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা আওয়ামীলীগের সদস্য চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাকাইলছেও ইউপি চেয়ারম্যান মিজবাহ উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আকবর ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ লোকমান মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলা উদ্দিন মিয়া। এছাড়াও প্রচারণায় নেমেছেন পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক খালেদুর রশীদ বলক এবং স্বতন্ত্র রেজাউল করিম।
এলাকার ভোটার ও সাধারণ সচেতন মহলের সাথে আলাপকালে তাঁরা বলেন, সৎ, নিষ্ঠাবান ও গ্রহনযোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের দায়িত্ব দিতে চান। তবে এমন লোককে তাঁরা ভোট দিবেন যার সাথে রায় দাঁড়িয়ে সুখ-দুঃখের কথা বলা যায়।
আজমিরীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক খালেদুর রশীদ বলক জানান তাঁর দল নির্বাচনে অংশগ্রহন করলে তিনি নির্বাচন করবেন। এছাড়া ডাঃ রেজাউল করিম জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু, যুবলীগের সাবেক সহ সভাপতি কাকাইলছেও ইউপির সাবেক সদস্য আব্দুল জলিল, আজমিরীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান জীবন, জলসুখা ইউপির সাবেক ইউপি সদস্য মিনু মিয়া, বাহা উদ্দিন সেলিম, কাকাইলছেও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোশারফ হোসেন বাবুল এবং বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মোছাব্বির চৌধুরী রাব্বি।
এদিকে মহিলা ভাইস সেয়ারম্যান পদে প্রতিদ্বন্থিদের মাঝে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, মোছাঃ শিরিন চৌধুরী ও মাহমুদা আক্তার রিপার নাম শোনা যাচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ উপজেলায় একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন। এর মধ্যে পুরুষ কোটার ৪৭ হাজার ৮৩৫ জন ও নারী ভোটার ৪৬ হাজার ৬৪৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪৪টি।





