ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমি দস্যু কর্তৃক এক অসচ্ছ্ব্ল মুক্তিযোদ্ধার বসত ভিটা দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবার। মঙ্গলবার পৌরশহরের রাধানগর কলেজ পাড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার মিয়া নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার দুই ছেলে সাদেক মিয়া ও হাসান মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মুক্তিযোদ্ধার ছেলে মো. সাদেক মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা একজন অসচ্ছ্বল মুক্তিযোদ্ধা থাকায় কোন জায়গা জমি ছিল না। আখাউড়া শহীদ স্মৃতি কলেজের প্রতিষ্ঠালগ্ন হতে আমার পিতা একজন কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। আখাউড়া শহীদ স্মৃতি কলেজের তৎকালীণ অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এম. এ ইছহাক (বীর প্রতীক) ১৯৭৩ সালে কলেজের মালিকীয় কিছু ভূমিতে বসত ঘর করে থাকার অনুমতি দেয়। তারপর থেকে আমার ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে এই জায়গাটিতে বসবাস করে আসছি। কিন্তু গত এক মাস ধরে এলাকার ভূমিদস্যু রফিকুল ইসলাম ভেন্ডার ও লুৎফুর চৌধুরী আমাকে বাড়ি হতে উচ্ছেদের পায়তারা করছে এবং নানা ভাবে হুমকি দিচ্ছে।
মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার মিয়া বলেন, আমি একজন অসহায় মুক্তিযোদ্ধা। ভূমি দস্যূরা যাতে আমার বাড়িটি দখল করতে না পারে সেজন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করছি।
জানতে চাইলে আখাউড়া শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ মো: আবু জামাল বলেন, জায়গাটি কলেজের এবং কলেজের কর্মচারী মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার মিয়াকে থাকার অনুমতি দেওয়া হয়েছে।





