ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভারর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দেওয়ান তার ভাতিজা শিপন উদ্দিন দেওয়ানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সকাল ১১টায় পৌর এলাকার দেবগ্রামের এক আত্মীয়ের বাড়িতে জালাল উদ্দিন এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় অভিযোগ করা হয়, শিপন উদ্দিন দেওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চাচা ও পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মানহানিকর প্রচারণা চালাচ্ছেন। এছাড়া সংবাদ সম্মেলন করেও মিথ্যাচার করেছেন।
জালাল উদ্দিন দেওয়ান জানান, গত ২৮ মে তাদের পারিবারিক একটি বিষয় নিয়ে দেবগ্রাম আমিন উদ্দিনের বাড়িতে একটি সালিস সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি সালিশকারক হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কথা বলার এক পর্যায়ে শিপন তার দলবল নিয়ে হামলা করে। এতে তিনি ও তার ছেলেরা মারাত্মকভাবে আহত হন। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য তুলে ধরা হয়। এতে তাঁদেরকে ভুমি দস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী বলায় তিনি সামাজিকভাবে ব্যাপক হেয় প্রতিপন্ন হচ্ছেন।
হামলার ঘটনায় তিনি এখনো অসুস্থ বলে দাবি করেন। পাশাপাশি থানায় দেওয়া অভিযোগের প্রেক্ষিতে শিপনসহ সহযোগিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। শিপন একটি পত্রিকায় কাজ করার সুবাদে দাপট দেখাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
তবে শিপন উদ্দিন দেওয়ান বলেছেন ভিন্ন কথা। তিনি জানান, ঘটনার দিন উল্টো হামলার শিকার হয়েছেন। এতে তাঁর পা ভেঙ্গে গেছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে থানায় ও স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি।





