ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার বিকেলে উপজেলার মলমলি গ্রামে দিনমজুর বিল্লাল মন্ডলের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার মার্ভিস ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের থাকার যায়গা নেই, নেই খাবারের ব্যবস্থা। নিঃস্ব হয়ে যাওয়া পরিবারটির এই দুরবস্থা দেখে তাদের পাশে দাড়িয়েছে শৈলকুপা ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে কর্মীরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ওই পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে।
আজ সোমবার দুপুরে কচুয়া-মলমলি গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ২৫ কেজি চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান সহ নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, আগুনে সব কিছু পুড়ে নিস্ব হওয়ার পর তাদের থাকা খাওয়ার কোন ব্যবস্থা নেই। করোনা ভাইরাসের কারনে তারা বাড়ির বাইরে কাজে যেতেও পারছে না। এই অবস্থায় শৈলকুপা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেয়া হয়েছে তাতে তারা কিছুদিন খাদ্যের অভাব পূরণ করতে পারবে।
ফায়ার সার্ভিসের এই মহতী উদ্যোগকে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।





