দেশের স্বাধীনতার ইতিহাস রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বিদ্যাসাগর সোসাইটি আয়োজিত কথাসাহিত্যিক সোফিয়া হোসেন রচিত 'বীর বীরাঙ্গনা' উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, ইতিহাসের প্রতিটি অধ্যায়কে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে এ ধরণের উদ্যোগ নিলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে আমরা সফল হবো। স্বাধীনতার ইতিহাস ও চেতনা বাংলাদেশ এবং বহির্বিশ্বে প্রচারের সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও স্থাপনা নষ্ট হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলো পৌছানোর জন্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে ।
মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচাইতে গৌরব ও অহংকারের অধ্যায়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও অতিথিরা বীর বীরাঙ্গনা উপন্যাসের মোড়ক উন্মোচন করেন। বিদ্যাসাগর সোসাইটির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।





