পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পদ্মার ভাঙ্গন রোধে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছে সরকার।
আজ শনিবার সকালে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশ অনুযায়ী পদ্মা-মেঘনা বেষ্টিত শরীয়তপুর জেলাসহ সারা বাংলাদেশের ভাঙ্গন প্রবণ এলাকা চিহ্নিত করে স্থায়ী ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহন ছাড়াও জরুরী মেরামতের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড।
তিনি বলেন, যখন যেখানে ভাঙ্গন দেখা দেয় সেখানেই সরকারের প্রতিনিধি গিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নিদের্শনা প্রদানের মাধ্যমে জরুরী ভিত্তিতে কাজ করছে। ফলে এখন আর আগের মতো ব্যাপক ভাঙ্গন দেখা যায় না। নদীমাতৃক বাংলাদেশে বর্ষা আসলে ভাঙ্গনসহ বন্যার মতো দুর্যোগ আসবে মাথায় রেখেই সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। ফলে কয়েক বছর আগের মতো এখন বন্যা, নদীভাঙ্গনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে না দুর্যোগপ্রবণ এলাকার মানুষ।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাফিজুর রহমানসহ স্থানীয় আওয়ামীগ নেতারা।





