'কালু বাঘার' ওজন ৫৫ মণ, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা

সংগৃহীত ছবি

জাতীয়

'কালু বাঘার' ওজন ৫৫ মণ, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা

  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০১৯

কুমিল্লার হোমনায় গরুর নাম দেওয়া হয়েছে কালু বাঘা। এ গরুটির ওজন ৫৫ মণ ও দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। বিশাল আকারের এ গরুটি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সরজমিনে গিয়ে দেখা যায়, কালু বাঘার রং কুচকুচে কালো। কিছুক্ষণ পরপর গা মুছে দেওয়ায় তা যেন আরও চকচক করছে। মাঝেমধ্যে গায়ে হাত বুলিয়ে দেওয়া হচ্ছে আর মাথার উপর ঘুরছে কয়েকটি ফ্যান। তার যত্নের কোনো কমতি নেই; কারণ দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।

কালু বাঘার মালিক শ্রীমদ্দি গ্রামের গাংঙ্কুল পাড়ার মো. মাইনুদ্দিন ১২ লাখ টাকা দাম হাঁকলেও ক্রেতাদের কথা শুনে মুখ তার মলিন হয়ে যায়।

তিনি বলেন, গ্রাহকরা খামারে এসে দাম বলে ৭-৮ লাখ টাকা। তারা অর্ধেক দামও বলে না। ১২ লাখ টাকার জায়গায় যদি ১০ লাখ টাকাও হতো তা হলেও বিক্রি করে দেব। তা না হলে গরু নিয়ে বাজারে যাবো।

হোমনা পৌরসভাধীন শ্রীমদ্দি গ্রামের গাংঙ্কুল পাড়ায় তিতাস নদী সংলগ্ন সাদিয়া ডেইরি ফার্ম খামারে গেলেই কালু বাঘার দেখা মিলবে। কালু বাঘার সাথে আরও বেশ কয়েকটি গরু সেই ফার্মে রয়েছে।

মাইনুদ্দিন দাবি করেন, কালুসহ সব কয়টি গরুই তার গৃহপালিত (চাকের গরু)। তিনি তার বাড়ির পাশে নিজ উদ্যোগে খামার করে এখানেই কালুর জন্ম ও লালন -পালন করেছেন।

কালুর মায়ের নাম ছিল বাসন্তি। বাসন্তি কালুসহ ৪টি বাছুরের জন্ম দেয়। চারটির মধ্যে কালু বাঘা সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘকায়। উচ্চতায় ৬ ফুট প্রস্থে (লম্বায়) ১০ ফুট ওজন ৫ ৫মণ।

কালু বাঘার দাম ১২ লাখ টাকা কেন চাইছেন উত্তরে মাইনুদ্দিন বলেন, ৪-৫ বছর কালু বাঘার ফ্রিজিয়ানা জাতের এই গরুর জন্ম আমার এই খামারেই। ওরে পালতে আমার খরচ হয়েছে ৬-৭ লাখ টাকারও বেশি। এর সঙ্গে অন্যান্য খরচ তো আছেই। এখন দেখি কত দাম ওঠে। হাট তো জমেনি তাছাড়া এখনও কালু বাঘাকে নিয়ে হাটে যাওয়া হয়নি।

মাইনুদ্দিন ও তার ছোট ভাই সাইজুদ্দিন এবং কালু বাঘার পরিচারকের মতে কালু বাঘা দেখতে গম্ভীর হলেও স্বভাব বেশ শান্ত। অন্য গরুকে কখনো মারেনি। কাউকে আঘাতও করেনি। দুষ্টুমি ভাব একদমই নেই। কালু বাঘাকে দেখতে হাজারো মানুষ ভীড় জমায় এই খামারে। দূরদূরান্ত হতে অনেক লোক ছুটে আসেন কালু বাঘাকে একটিবার ছুতে ও দেখতে।

প্রতিদিন কালু বাঘাকে ছোলা,গমের ভুসি,খেসারি, ভুট্টা, ধানের কুঁড়া,গাজর,আপেল, মালটা,কলা,টমেটোসহ বিভিন্ন প্রকার খাবার খাওয়ানো হয়।


মো. আক্তার হোসেন হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads