আপডেট : ০১ July ২০২৪
বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে পার্কিং রাখা ট্রাকের সঙ্গে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত ও নারীসহ দুইজন আহত হয়েছেন। এঘটনায় থানায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা কৈগাড়ী এলাকার খানকা শরীফ ও মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি থানার আব্দুল গফুরের ছেলে শহিদুল ইসলাম (৩২) ও কুষ্টিয়ার মিরপুর থানার বেলাল হোসেনের ছেলে বায়েজিদ (৪)। নিহত শিশুর আহত বাবা বেলাল হোসেন (৩০) ও মা সাথী খাতুনকে (২২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মহাসড়কের ওপর অজ্ঞাত একটি ট্রাক পার্কিং করে ড্রাইভার ঘুমাচ্ছিলেন। এসময় পাবনা থেকে বগুড়াগামী কাভার্ডভ্যান এসে অসাবধানতায় ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই শহিদুল মারা যায়। আহত অবস্থায় শিশুসহ তার মা-বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বায়েজিদ মারা গেছে। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান আটক করা হয়েছে। অজ্ঞাত ট্রাক আটকের জন্য সন্ধান চলছে। দু'জনের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর ও সড়ক পরিবহণ আইনে থানায় মামলা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১