বাংলাদেশের খবর

আপডেট : ০৭ June ২০২৪

কালীগঞ্জের এমপি আনার হত্যা ঘটনায় ঝিনাইদহের আওয়ামীলীগ নেতা ‘গ্যাস বাবু’ আটক


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আটক শিমুল ভুঁইয়ার আত্মীয় ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে ‘গ্যাস বাবু’কে আটক করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম তাকে আটক করে।আটক কাজী কামাল আহম্মেদ বাবু জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কি মামলায় বা কোন ব্যাপারে নিয়ে গেছে তা আমি নিশ্চিত করে বলতে পারছি না।’স্থানীয়দের দাবি, এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় শিমুল ভুঁইয়ার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যেতে পারে। যে কারণে তাকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এ আটকের ঘটনায় সংসদ সদস্য আনার হত্যা ঘটনায় আরও উল্লেখযোগ্য তথ্য ও মাস্টারমাইন্ডের নেপথ্যের কারিগরদের নাম বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয়দের দাবি, জনযুদ্ধ (লাল পতাকা) প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ডা. টুটুলের খালাতো ভাই কাজী কামাল আহম্মেদ বাবু। সেই সূত্রে সংসদ সদস্য আনার হত্যার অন্যতম হোতা আমানউল্লাহ ওরফে শিমুল ভইয়া টুটুলেরও নিকট আত্মীয়ও তিনি।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন আনোয়ারুল আজীম আনার। ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এ ঘটনায় ভারত ও বাংলাদেশে ৬ জন গ্রেফতার হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১