আপডেট : ০৪ June ২০২৪
অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের। নিজের শৈশবের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি। এর মধ্যদিয়ে স্বদেশি ক্লাব পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের অধ্যায়ের ইতি ঘটলো। এদিকে নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেয়ার পর এমবাপ্পে নিজের সোশ্যাল মিডিয়া পোষ্টে লিখেন, ‘একটি স্বপ্ন সত্যি হলো। আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুব খুশি এবং গর্বিত, রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি গর্বিত। কেউ বুঝতে পারে না আমি এখন কতটা উত্তেজিত। ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা আরও লিখেন, আপনাদের দেখার জন্য তর সইছে না, মাদ্রিদিস্তাস এবং আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ! আমাকেও বলতে দিন, হালা মাদ্রিদ। প্রসঙ্গত, গত মাসেই পিএসজি ছাড়ার ঘোষণা দেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে প্যারিসেই আটকে রাখতে অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তারা। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় একদম মুফতেই এমবাপ্পেকে ছাড়তে হচ্ছে পিএসজির। যে কারণে তার ওপর অসন্তুষ্ট ক্লাবটির মালিক কাতারি ধনকুবের নাসের আল খেলাইফি। এমনকি এমবাপ্পের বেতন-বোনাস আটকে দেয়ার অভিযোগও উঠেছে পিএসজির বিরুদ্ধে।
সোমবার (৩ জুন) রাতে এই ফরাসি সুপারস্টারের যোগ দেয়ার বিষয়টি রিয়াল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। একই সঙ্গে নিজেদের ওয়েব সাইটে এমবাপ্পের যোগদানের বিষয়টি নিশ্চিত করে তারা জানায়, রিয়াল মাদ্রিদ সিএফ এবং কিলিয়ান এমবাপ্পে একটি চুক্তিতে পৌঁছেছে। যার ফলে তিনি আগামী পাঁচ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন।
অন্যদিকে এমবাপ্পের এমন ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন তারকা ফুটবলাররা। বাদ যাননি তার আদর্শ রোনালদোও। এমবাপ্পের করা পোস্টের নিচে তাকে রিয়ালে স্বাগত জানিয়ে রোনালদো লিখেন, এখন আমার সময় বার্নাব্যুতে তোমার অসাধারণ পারফর্ম্যান্স দেখে আনন্দিত হওয়ার।
এমবাপ্পের রিয়ালে যাওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবটির সাবেক কিংবদন্তি ডেভিড ব্যাকহামও। তিনি লিখেন, তোমাকে অনেক অনেক শুভকামনা বন্ধু। রিয়ালে অনেক দারুণ সময় অপেক্ষা করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১