আপডেট : ৩১ May ২০২৪
ধামরাই( ঢাকা) প্রতিনিধি: "তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ঢাকার ধামরাই পৌর চত্বরে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা এবং ভিজ্যুয়াল মেলার উদ্বোধন করা হয়েছে। ভিজ্যুয়াল মেলায় ১৭ টি স্টলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। গত বৃহস্পতিবার ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়। ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির বলেন, ২০৪০ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশকে তামাকমুক্ত করতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে সাথে নিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করবো মাদক মুক্ত সমাজ গড়বো। তিনি আরো বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোন দোকানে তামাক জাতীয় সিগারেট বা বিড়ির বিক্রি করতে পারবে না। এসময় তিনি তামাকের ভয়াবহতা তুলে ধরেন এবং সিগারেটকে না বলে হাত উঁচিয়ে শিক্ষার্থীদের নিয়ে শপথ করেন। এ সময় উপস্থিত সকলেই প্রতীকী সিগারেট হাতে নিয়ে তা ভেঙ্গে ফেলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, দোহার পৌর মেয়র আলমাস উদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সাকু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু প্রমুখ।
এ সময় এমপি বলেন, জাতিকে বাঁচাতে হলে নতুন প্রজন্মকে বাঁচাতে হবে। নতুন প্রজন্ম যদি বিপথে চলে যায় তখন গোটা জাতিই অন্ধকারে চলে যাবে। তাই নতুন প্রজন্মই পারবে মাদক মুক্ত সমাজ উপহার দিতে। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে ধূমপান মুক্ত রাখতে হবে। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের দোকানে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে। যাতে কেউ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ধূমপান করতে না পারে।
নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা ধূমপান মুক্ত, তামাক মুক্ত ও মাদক মুক্ত সমাজ গড়তে চাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১