বাংলাদেশের খবর

আপডেট : ১৭ December ২০২৩

কেরু এ্যান্ড কোম্পানী ( বাংলাদেশ) লিমিটেডের ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন


চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর চিনিকলের এ মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি দেশের বৃহত্তম চিনিকল কমপ্লেক্সের ডোঙায় আখ নিক্ষেপণের মাধ্যমে চলতি মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) জনাব শেখ শোয়েবুল আলম এনডিসি।

মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকল কমপ্লেক্সের আয়োজনে কেইন কেরিয়ার প্রাঙ্গনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) জনাব মোঃ আতাউর রহমান খান, চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখসানা মিতা, কেরু চিনিকল কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ এবং আখচাষী আব্দুল বারি।


অনুষ্ঠানে সর্বোচ্চ আখ উৎপাদনকারী আখ চাষী শামীম হোসেনকে পুরস্কৃত করার পর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


চিনিকল কর্তৃপক্ষের তথ্য মতে, ২০২৩-২৪ চলতি মৌসুমে কেরু এ্যান্ড কোম্পানীর নিজস্ব জমিতে দণ্ডায়মান আখ আছে ১ হাজার ১৫৩ একর এবং সাধারন চাষীদের রয়েছে ২ হাজার ৬৪৯ একর আখ। এ ২০২৩-২৪ অর্থ বছরে ৫০ থেকে ৫৫ মাড়াই কার্য দিবসে ৬৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। চিনি আহরণ হার ৬ দশমিক ২০ ভাগ হবে বলে ধারনা করা হচ্ছে।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর চিনিকল কমপ্লেক্স ভারী শিল্প প্রতিষ্ঠান। এতে উপজাত হিসেবে মোলাসেস উৎপাদিত হয়; যা হতে প্রতিষ্টানটি স্পিরিট উৎপাদন করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১