বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০২৩

কুষ্টিয়ায় জাসদ নেতার গুলিতে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আহত-৩


আকরামুজজামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি: 
কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় জাসদ নেতার গুলিতে আহত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামাণিক। গুলিবিদ্ধ আহত স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেলাল হোসেন ও শ্যামল নামের আরও দুজন আহত হয়।
বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন বুধবার রাত ১১টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় অবস্থান করতে থাকে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামাণিক ও তার সঙ্গে থাকা বেলাল হোসেন ও শ্যামল ওই পথ দিয়ে যাবার সময় তাদেরকে লক্ষ করে এলোপাতাড়ী গুলি ছোড়লে এতে সঞ্জয় কুমার প্রামাণিকের পায়ে ও হাঁটুর নিচে গুলি লাগে। এছাড়াও তার মাথায় ও শরীরে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাদের সেখান থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ ঘটনায় উপজেলা এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এই নিয়ে স্থানীয় জাসদ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে চলছে চরম উত্তেজনাও।
এ বিষয়ে কথা বলতে জাসদ যুবজোট নেতা মুস্তাফিজুর রহমান শোভনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া গেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এ ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১