আপডেট : ১০ February ২০২২
নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টায় মাধবদী থানার কোতয়ালীরচর বিলপাড় এক পরিত্যাক্ত এম.বি.সি. ব্রীক ফিল্ডের ভিতরে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, ককটেল, বোমা তৈরীর সরঞ্জামাদীসহ দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। গ্রেপ্তারকৃতরা হলো, মাধবদী থানার ছোট বালাপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৪০), ভলবদ্রী এলাকার মনসুর আলীর ছেলে মতিন মিয়া (৩২), শ্যামরাকান্দি এলাকার আলাউদ্দিনের ছেলে মোঃ হাসান আলী (২২), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার পরাবর্দী এলাকার মফিজ উদ্দিনের ছেলে আইনুল হক(২৪), বালিয়াপাড়া এলাকার মৃত জলিল মিয়ার ছেলে মোঃ ইয়াকুব (১৯), নয়নাবাদ এলাকার রশিদ ভূইয়ার ছেলে রনি ভূইয়া (২৬), মৃত চেরাগ আলীর ছেলে মোঃ শরীফুল ইসলাম (২৬), বালিয়াপাড়া এলাকার ছেলে মৃত আ: রহিমের ছেলে আল আমিন (২৩)। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার কোতয়ালীরচর বিলপাড় এক পরিত্যাক্ত এম.বি.সি. ব্রীক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ০২ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন । আর ডাকাত ইয়াকুব তার হাতে থাকা পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য গুলি করার চেষ্টা করে। পরে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান তার দল নিয়ে ব্রীক ফিল্ডের ভিতর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৪(চার) রাউন্ড গুলি, তিনটি অবিস্ফোরিত ককটেল, বোমা তৈরীর প্রচুর পরিমান সরঞ্জামাদী, দেশিয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহ্নত পিকআপ ও সিএনজি এবং ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, গ্রেপ্তারকৃত কুখ্যাত ডাকাত ইয়াকুব এর বিরুদ্ধে ১৩টি পরোয়ানা মূলতবি সহ বিভিন্ন থানায় ১৩টি ডাকাতি মামলা রয়েছে এবং অন্যান্য ডাকাতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর গ্রেপ্তারকৃত সকল ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১