আপডেট : ০৪ February ২০২২
১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে অনন্য একদিন। এইদিন ঢাকা ছিল মিছিলের নগরী। মিছিল শোভাযাত্রায় ঢাকার চেহারা এক ভিন্নরূপ পরিগ্রহ করে। এ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শহরের সব স্কুল-কলেজের শিক্ষার্থী উর্দুকে পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা করা এবং আরবি হরফে বাংলা ভাষার প্রচলনের চেষ্টার প্রতিবাদে ধর্মঘট পালন করে। শিক্ষার্থীরা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হতে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীউল হক। সভা শেষে প্রায় ১০ হাজার শিক্ষার্থী মিছিল করেন। সেদিন দেশের বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছিল প্রতিবাদী জনতার এই মিছিল। এই দিনের বেশ কিছু ছবি অধ্যাপক রফিকুল ইসলাম ক্যামেরাবন্দি করেন। যা আজো ঐতিহাসিক দলিল হয়ে আছে। এসব ছবিতে দেখা যায়, ঢাকায় আজিমপুরের দিক থেকে আসা ইডেন কলেজের ছাত্রীদের প্রতিবাদ দিবসের শোভাযাত্রা। হাবিবুর রহমান শেলীর নেতৃত্বে প্রতিবাদ দিবসের মিছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় সংগ্রামী ছাত্রছাত্রীদের প্রতিবাদ দিবসের শোভাযাত্রা। ঢাকার নবাবপুর রোডে স্কুল-কলেজের ছাত্রীদের প্রতিবাদ দিবসের শোভাযাত্রা ইত্যাদি। কিংবদন্তি ভাষা সংগ্রামী আবদুল মতিন প্রতিবাদ দিবসের শোভাযাত্রা সম্পর্কে এক সাক্ষাৎকারে জানান, ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা শহরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী মিছিল করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হবার পর এক সভা অনুষ্ঠিত হয়। বিকেলে কর্মপরিষদের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। সেদিনের মিছিলটি ছিল বিশাল। সভা শেষে ছাত্র-ছাত্রী এক সুদীর্ঘ মিছিলে বিক্ষোভ প্রদর্শন করতে করতে সদরঘাট থেকে চকবাজার হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। সাধারণ মানুষ সারি বেঁধে দাঁড়িয়ে হাততালি দিয়ে এবং পুষ্পাঞ্জলির মাধ্যমে অভিনন্দন জানায়। সাধারণ মানুষের এই অংশগ্রহণ আন্দোলনকারীদের আরো উজ্জীবিত করে তোলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১