আপডেট : ২৯ December ২০২১
দিনাজপুরের ফুলবাড়ীতে একই জমিতে আলু ও পেঁপে চাষের মাধ্যমে সাথী ফসলের সোনালী স্বপ্ন বুনছেন কৃষক। এতে করে বাড়তি আয় করছেন তারা। সরেজমিনে উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক বাবলু মিয়া (৫৫) গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর তীর ঘেঁষে তার নিজের দেড় বিঘা জমিতে পাটনাই জাতের আলু চাষ করেছেন। একই জমির ফাঁকে ফাঁকে লাগিয়েছেন উন্নত জাতের ৩৭৫টি পেঁপে গাছ। ইতোমধ্যে আলু গাছ যেমন মাটি ভেদ করে বের হয়েছে, তেমনি পেঁপে গাছগুলোও বড় হতে শুরু করেছে। সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ক্ষেতের পরিচর্চায় সময় কাটছে সৌখিন কৃষক বাবলু মিয়ার। ক্ষেতের গাছগুলো বড় হতে শুরু করায় দৃষ্টিনন্দন হয়ে ওঠছে ক্ষেত। ক্ষেতে কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার করছেন না। যেটুকু করছেন তা নিজের তৈরি ভারমিক কম্পোস্ট (কেঁচো সার) সার। যা নিজের প্লান্টে গোবর ও আবর্জনা দিয়ে তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত তার প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগের শিকার না হলে তিনি এই চাষাবাদ থেকে কমপক্ষে চার লাখ টাকা আয় হবে বলে আশা করছেন। বাবলু মিয়ার এই সমন্বিত পদ্ধতির চাষাবাদ দেখে গ্রামের অন্য চাষিরাও উদ্বুদ্ধ হচ্ছে এই পদ্ধতিতে চাষাবাদে। কৃষক বাবলু মিয়া বলেন, আলু আবাদের পর দেখা যায় অনেক জায়গা ফাঁকা পড়ে থাকে। তার চিন্তা করেন এই ফাঁকা জায়গায় কি আবাদ করলে আয় করা যায়। এই উৎপাদনশীল চিন্তা থেকে তিনি আলু ক্ষেতের আইলের ফাঁকে ফাঁকে উন্নত জাতের পেঁপে গাছ লাগিয়েছেন। একই সময়ে একই ক্ষেতে দুইটি সবজি আবাদও হবে আর জায়গাও ফাঁকা পড়ে থাকবে না। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এক একটি পেঁপে গাছ থেকে আন্তত ৭০ থেকে ৮০ কেজি পেঁপে পাওয়া যাবে। আর আগের মতোই আলু উঠবে ঘরে। একই গ্রামের মোকছেদুল ইসলাম বলেন, গ্রামের বাবুল শিয়ার দেখাদেখি তিনিও এক বিঘা জমিতে সাথী ফসল হিসেবে আলুর সাথে পেঁপে আবাদ করছেন। শুধু তিনিই নয়, গ্রামের অনেকেই একই পদ্ধতিতে চাষাবাদে ঝুঁকছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, আমাদের সম্ভাবনাময় কৃষিতে কৃষকদের ভাগ্য বদলাতে হলে অবশ্যই সঠিক ও বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। বাবলু মিয়াকে কৃষি বিভাগরে পক্ষ থেকে সার্বিকভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। অবশ্যই তার সফলতা এলাকার কৃষকদের কাছে দৃষ্টান্ত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১