বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০২১

মুন্সিগঞ্জে থানার ভিতরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪, আটক ২ 


মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ভিতরে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে সিরাজদিখান থানায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দীর্ঘদিন যাবত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের জহির ও বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বরকত গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার সকালে দুই গ্রুপের লোকজন সিরাজদিখান বাজারে আসলে মুখোমুখি কথা কাটাকাটি হয়। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বিষয়টি টের পেয়ে মিমাংসার জন্য দুই গ্রুপকে থানায় ডেকে আনেন। এ সময় দুই গ্রুপ মুখোমুখি হলে আবারো থানার ভেতর সংঘর্ষে জড়িয়ে পরে। এতে জহির গ্রুপের প্রধান জহিরসহ ৪ জন গুরুতর আহত হয়। 

এ সময় ২ জনকে আটক করে পুলিশ। 

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। এখনও কোনো অভিযোগ হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১