বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০২১

কুমিল্লার ঘটনায় কয়েকজন চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী


কুমিল্লা ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।

সচিবালয়ে বৃহস্পতিবার পুলিশ, বিজিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা বাহিনীর প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন স্বারাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের তিনি বলেন, ‘কুমিল্লার একটি পূজা মণ্ডপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, গতকাল সকালে সেটি আমাদের নজরে আসে। সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী এটি কীভাবে হয়েছে সেটি নিয়ে তদন্ত শুরু করে। ইতোমধ্যে ফেসবুকের মাধ্যমে সারা দেশে এটা চলে যায়। সে পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি হৃদয় বিদারক কিছু ঘটনা ঘটেছে। আমরা চাঁদপুরের হাজীগঞ্জে দেখলাম চারজন নিষ্পাপ মানুষ নিহত হলো। সিলেটের জকিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘটনা একের পর এক ঘটছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা রাত কাজ করেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বসেছিলাম, করণীয় কী। আমরা দীর্ঘ আলাপের মাধ্যমে মনে করছি, অবশ্যই এটি তদন্ত সাপেক্ষ, আমরা শতভাগ নিশ্চিত নই। আমরা মনে করছি, কোনো স্বার্থান্বেষী মহল, কোনো চক্রান্তকারী-ষড়যন্ত্রকারীর কর্ম এটা। আমরা তদন্ত শেষে সব জানাতে পারব। ইতোমধ্যে গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী যেখানেই যে বিশৃঙ্খলা করছে তা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে।

‘কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদের আমরা অবশ্যই খুঁজে বের করব। আমরা এর মধ্যে কয়েকজনকে চিহ্নিত করেছি। তাদের সকলকে শনাক্ত করে শিগগিরই তাদের গ্রেপ্তার করতে পারব বলে মনে করছি। এ জায়গায় আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, যারা ধর্মকর্ম করে তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। আমাদের দেশে যে সাম্প্রদায়িক মেলবন্ধন আছে এটাকে তা নষ্ট করার একটা প্রক্রিয়া বলেই আমরা মনে করছি। এ ধরনের ইস্যুকে কেন্দ্র করে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছেন বা চেষ্টা অব্যাহত রাখবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

‘যে সব জায়গায় এ ঘটনা ঘটছে যদি কেউ এতে উসকানি দেন বা জড়িত থেকে ষড়যন্ত্র করেন তাকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো।’

এ সময় প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত সকল ধর্মের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘গত সভায় আমরা বলেছিলাম, পূজামণ্ডপে সিসিটিভি বসাতে হবে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার থাকবে। অনেক মণ্ডপেই তা করা হয়নি।

‘সব মণ্ডপ যেন সিসিটিভির আওতায় নিয়ে আসেন এবং তাদের নিজস্ব ভলান্টিয়ার তারা যেন নিয়োগ করেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে আহ্বান করছি। সবাই যেন ধৈর্যসহকারে শান্তি বজায় রাখে। কোনো উসকানিতে কেউ যাতে বিভ্রান্ত না হয়।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সামাজিক যোগাযোগেরমাধ্যমে যে গুজবগুলো ছড়িয়ে দেয়া হয় সেগুলো যাতে কেউ না ছড়ায়। আমরা কোনো পূজামণ্ডপ বন্ধের নির্দেশনা দেইনি। যারা গুজব ছড়ানোর অপচেষ্টা করছেন তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১