বাংলাদেশের খবর

আপডেট : ০৯ September ২০২১

হাশেম ফুড কারখানায় আরও খুলি-হাড়


নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেই হাশেম ফুড কারখানায় তল্লাশি চালিয়ে আরও একজনের খুলি ও কিছু হাড় উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার ওই কারখানায় তল্লাশি চালানো হয়। বিকেল ৫টার দিকে কারখানার চতুর্থ তলার দক্ষিণ পাশ থেকে এক জনের মাথার খুলি ও কিছু হাড় উদ্ধার করা হয়েছে। সেগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এর আগে, গত মঙ্গলবার বিকেলে কারখানার চতুর্থ তলায় তল্লাশি চালিয়ে দুটি মাথার খুলি, হাড় ও চুল উদ্ধার করেন সিআইডি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সেগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সুপার হারুন উর রশীদ আরও জানান, অগ্নিকাণ্ডে লাবুনি, সাজ্জাত ও মহিউদ্দিন নামে আরও তিন শ্রমিক নিখোঁজ আছেন- স্বজনদের কাছ থেকে এমন আবেদন পেয়ে কারখানায় তল্লাশি চালানোর সিদ্ধান্ত হয়।

গত ৮ জুলাই হাশেম ফুডস কারখানায় আগুন লেগে ৫২ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। পুলিশ তাদের গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে আদালতে থেকে তারা জামিনে ছাড়া পান তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১