আপডেট : ০৯ September ২০২১
বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের ছয় মাসের বেশি সাময়িক বরখাস্ত রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় ধরে বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে বলেও রায়ে জানিয়েছেন আদালত। অর্থাৎ, সাময়িক বরখাস্তের মেয়াদ ৬ মাসের বেশি সময় অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে তিনি চাকরিতে পুনর্বহাল হবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ বৃহস্পতিবার ১৪ বছর আগে সাময়িক বরখাস্ত হওয়া মাগুরার স্কুলশিক্ষক বাদশা মিয়ার করা রিটের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। রায়ের বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, সাময়িক বরখাস্ত হওয়া মাগুরার স্কুলশিক্ষক বাদশা মিয়ার পক্ষে আমরা ২০১৭ সালে রিট করেছিলাম। ওই রিটের শুনানি নিয়ে বেসরকারি শিক্ষদের বহিষ্কার বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ দেশের বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের ছয় মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে রায় দিয়েছেন। রায়ে আদালত বলেছেন, কোনো শিক্ষককে এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে। তিনি আরো বলেন, বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্ত রাখার বিষয়ে আগে সুনির্দিষ্ট কোনো মেয়াদ ছিল না। এই রায়ের ফলে ছয় মাসের সময় নির্ধারণ হলো। এখন কোনো অভিযোগে শিক্ষকদের বরখাস্ত করলে ছয় মাসের মধ্যে সেটি নিষ্পত্তি করতে হবে। অন্যথায় ছয় মাস পর সাময়িক বরখাস্ত আর কার্যকর থাকবে না। তবে হাইকোর্টের লিখিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর এই রায়ের বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে। তিনি জানান, মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে ২০০৭ সালে সামরিক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন এ অভিযোগের নিষ্পত্তি না করায় ২০১৭ সালে বাদশা মিয়া হাইকোর্টে রিট করেন। পরে আদালত রুল জারি করেন। বৃহস্পতিবার এই রুল নিস্পত্তি করে রায় দিলেন উচ্চ আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১