বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০২১

ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট' দেওয়া নিয়ে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম


ঢাকার ধামরাইয়ে ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়া নিয়ে বিরোধের জেরে জেলা ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগ নেতার অভিযোগ, এ সময় তার মা-বাবা ও বড় ভাইকেও মারধর করে আহত করেছে বখাটেরা।

শুক্রবার রাতে এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রলীগ নেতার বাবা বিমল দাস।

এর আগে দুপুরে ধামরাই থানার নতুন দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সজীব দাস সজল ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা সজল বলেন, গতকাল আমার বাসার সামনে আমার কর্মী নাজমুলকে মারধর করতে দেখে আমি বাধা দেই। তখন জানতে পারি, ফেসবুক গ্রুপের কোন এক পোস্টে নাজমুল হাহা রিঅ্যাক্ট দিয়েছিলো। এটা নিয়েই বিতর্কের জেরে নাজমুলকে মারধর করছিলো রিপনসহ কয়েকজন। পরে আমি ওদের মিলিয়ে দেই। বিষয়টা নিয়ে আবারও এলাকায় মিমাংসা করা হয়। কিন্তু আজ দুপুরে আমার ভাইকে বাড়ির পাশেই রাস্তায় মারধর করতে থাকেন রিপন, হালিম, সেলিমসহ কয়েকজন বখাটে। এরপর বাবা, মা ও আমি বাঁধা দিতে গেলে আমাদের মারধর করে  বখাটেরা। এসময় আমার মাথায় রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। লাঞ্ছিত করা হয় মা-বাবাকে। এসময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে আমাকে টার্গেট করেই মারা হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুর ইসলাম বলেন, দুইপক্ষের মধ্যেই গন্ডগোল হয়েছে। তবে ছাত্রলীগ নেতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি তাকে দেখেও এসেছি।  তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তবে বিবাদীদের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দিয়েছে। আগামীকাল বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১