আপডেট : ০৪ September ২০২১
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক তিনবারের কাউন্সিলর মতিউর রহমান মতির বাড়িতে একদল সন্ত্রাসীর পেট্রোল হামলা চালিয়ে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোররাতে পৌর শহরের দক্ষিণ পাড়ায় মতির নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে যায় দুটি মোটরসাইকেল, বৈদ্যুতিক সরঞ্জাম সহ বিভিন্ন আসবাবপত্র। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান মতিউর রহমান। ক্ষতিগ্রস্থ এবং স্থানীয়রা জানান, ভোররাতে বাড়ির পিছন দিয়ে ওয়াল টপকিয়ে বাড়িতে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় বাড়ির গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় থাকা দুইটি মোটরসাইকেল ও কাপড় রাখার আলনায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। পরে আগুন দেখে মতিউর রহমানের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানি ও বালুর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে পুড়ে যায় মোটরসাইকেলসহ অন্যান্য আসবাবপত্র। তবে বিস্ফোরণের হাত থেকেও রক্ষা পায় গাড়ির তেলের ট্যাংকি সহ রান্না ঘরে রাখা গ্যাস সিলিন্ডারও। ঘটনাস্থল থেকে স্থানীয়রা পেট্রোল নিয়ে আসার বোতলটি উদ্ধার করে। এই ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মতিউর রহমান বলছেন, রাতে তীব্র গরমের কারণে গ্রিলে তালা দিয়ে আমার ঘরের দরজা খুলেই ঘুমাচ্ছিলাম। হঠাৎ পেট্রোল ও প্লাস্টিক জাতীয় কোন কিছু পোড়ার গন্ধ আমার নাকে আসে। বিছানা থেকে উঠে বাহিরে বের হয়ে আসতেই দেখি আমার দুই মোটরসাইকেলে আগুন জ্বলছে। কোন কিছু বুঝে উঠতে না পেরে বিছানায় থাকা কম্বল পানিতে ভিজিয়ে কোনরকম আগুন নেভানোর চেষ্টা আগুন আগুন বলে চিৎকার করি। পরে আশপাশের লোকজন আমার বাড়িতে এসে বালু ও পানি দিয়ে আগুন নিভায়। মূলত আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছেন সন্ত্রাসীরা। আমি ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর দূরত্বই পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে একটি অভিযোগ থানায় জমা পড়েছে আশাকরি দ্রুতই আমরা অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১