বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০২১

বরখাস্ত কর্নেল শহীদ ও তার স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড


রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক লে. কর্নেল (বরখাস্ত) শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেন বিচারক। আজ বুধবার (১ সেপ্টেম্বর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমার আদালত এই রায় ঘোষণা করেন।

এদিন কারাগারে আটক দুই আসামি খোরশেদ আলম ও আকিদুলকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁদের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।

এর আগে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ উদ্দিন খানের বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, ছয়টি গুলি, দুটি শটগান ও তিন লাখ জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১৭ জানুয়ারি কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক বিপ্লব কিশোর শীল বাদী হয়ে শহীদ উদ্দিন খানসহ পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত শেষে কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা নৃপেন কুমার ভৌমিক ২১ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। বিচার চলাকালে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

২০২০ সালের ১০ নভেম্বর অস্ত্র আইনের মামলায় কর্নেল (বরখাস্ত) শহীদ উদ্দিন খান, তাঁর স্ত্রী ফারজানা আঞ্জুম খান, খোরশেদ আলম পাটোয়ারী ও সৈয়দ আকিদুল আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই বছরের ২০ ডিসেম্বর আয়কর ফাঁকির মামলায় শহীদ উদ্দিন খানকে ৯ বছরের কারাদণ্ড দেন আদালত। 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১