আপডেট : ০১ September ২০২১
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারালেও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি বাংলাদেশের। তবে নিউজিল্যান্ড সিরিজে র্যাঙ্কিংয়ে উন্নতির হাতছানি দিচ্ছে ১০ নম্বরে থাকা বাংলাদেশকে। ৫ ম্যাচের সিরিজে অনভিজ্ঞ ব্ল্যাক ক্যাপদের ক্লিন সুইপ করতে পারলে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের পাঁচে উঠে আসবে টাইগাররা। সেইসঙ্গে টপকে যাবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো বড় দলকে। এমন অবস্থায় আজ বুধবার বিকেল ৪টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটি। সিরিজের পরের ৪টি ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে না পারলেও এই সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ফলে শক্তি বেড়েছে স্বাগতিকদের। নিউজিল্যান্ড তাদের বিশ্বকাপ দলের একজনকেও বাংলাদেশে পাঠায়নি। তাই দলটিকে হারানোর সমূহ সুযোগ রয়েছে টাইগারদের। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও যদি ৪-১ ব্যবধানে হারায় বাংলাদেশ, তাহলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হবে। ২৪৪ পয়েন্ট নিয়ে তখন ছয়ে অবস্থান করবে মাহমুদউল্লাহ বাহিনী। স্বাগতিকদের জয়ের ব্যবধান ৩-২ হলেও ছয়ে আসবে মাহমুদউল্লাহর। তখন ৭ নম্বরে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের পয়েন্ট ব্যবধান থাকবে ১। সিরিজ হারলেও র্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনা আছে বাংলাদেশের। বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে পয়েন্টের ব্যবধান খুব একটা বেশি না। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে আছে টেবিলের নয় ও আটে। আর সাতে থাকা আফগানিস্তানের সঙ্গে টাইগারদের পয়েন্ট ব্যবধান মাত্র ২। ২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে মাত্র একবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালের ওই ম্যাচে ১৫ রানে হারে টাইগাররা। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০ বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে টাইগাররা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১