বাংলাদেশের খবর

আপডেট : ১৯ August ২০২১

টাকা আনা তো দূর , জুতা পরার সুযোগই পাইনি : আশরাফ গানি


তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি দাবি করেছেন, তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরই তিনি দেশত্যাগ করেছেন।

বুধবার (১৮ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেছেন।

ভিডিও বার্তায় গানি বলেন, তিনি দেশত্যাগ করার পর তালেবান যোদ্ধারা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে তার সন্ধানে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে। এছাড়া আমি ক্ষমতায় থাকা অবস্থায় আফগান সংকটের কোনো শান্তিপূর্ণ সমাধান হবে না বলে আগেই জানিয়েছিল তালেবান।

গত রোববার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায় তখন আশরাফ গানি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবার সংযুক্ত আরব আমিরাত জানায়, মানবিক কারণে গনি ও তার পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় আশরাফ গানি তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রক্তপাত ও বিপর্যয় এড়াতে তিনি আফগানিস্তান ত্যাগ করেছেন। তা না হলে তার ভাষায় আফগানিস্তানের পরিণতি হতো সিরিয়া ও ইয়েমেনের মতো।

দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় চার গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে টাকা নিয়ে গেছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেন সাবেক আফগান প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় তিনি ব্যক্তিগত জিনিসপত্রই সঙ্গে নিয়ে যেতে পারেননি। এমনকি নিজের স্লিপারটি পরিবর্তন করে জুতা পায়ে দেওয়ার সুযোগই পাননি!

পলাতক সাবেক এই আফগান প্রেসিডেন্টর দাবি, আফগানিস্তানে অবস্থান করলে তালেবান যোদ্ধারা তাকে পিটিয়ে হত্যা করতো না হলে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর মতো ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হতো। তবে পরিস্থিতির কারণে দেশ ছেড়ে পালালেও তিনি ফের আফগানিস্তানে ফিরবেন বলে দাবি করেছেন।

ফেসবুকে নয় মিনিটের ওই ভিডিও বার্তায় আশরাফ গানি বলেন, ‘ক্ষমতার লোভে কাবুলকে সিরিয়া বা ইয়েমেন হতে দেওয়া যাবে না। আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ওখানে থাকলে রক্তপাত ঘটতোই।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১