আপডেট : ০৩ August ২০২১
খুব সকালে নয়তো গোধুলি বেলায় কুমিল্লার গোমতী নদীতে মাছ শিকার করে জেলেরা। তাদের জালে ধরা পড়ে বাগদা চিংড়ী, বোয়াল, কালি বাউশ, বাইমসহ আরো নানান প্রজাতির মাছ। সম্প্রতি গোমতী নদীতে জেলেদের জালে দু একটা করে ধরা পড়ছে রুপালী ইলিশ। ধরা পড়া ইলিশগুলো নদীর পাড় থেকেই কিনে নেন ক্রেতারা। জোয়ার ভাটাহীন গোমতী নদীটি কুমিল্লার দুঃখ নামে পরিচিত। গোমতীনদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে ১৫০ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লা সদর উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারপর গোলাবাড়ী, টিক্কারচর, কাপ্তানবাজার হয়ে জেলার বুড়িচং ব্রাহ্মনপাড়া, দেবিদ্বার কোম্পানীগঞ্জ দাউদকান্দি হয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে। মঙ্গলবার সকালে গোমতীর আলেখারচর অংশে জেলেদের জালে চিংড়ী কালি বাউশের সাথে একটি ইলিশ মাছ ধরা পড়ে। জেলে আবদুর রহিম জানান, মাজে মইধ্যে দুই একডা ইলিশা মাছ পাই। ইলিশাটি ছোডু আবার বড়ও ধরা পড়ে। কয়দিন আগে এক কেজী ওজনের একটা পাইছি। আশটে শ টেহা বেচ্চি। গোমতী নদীতে ইলিশ মাছ পাওয়া নিয়ে বিস্মিত নয় নদীরপাড়ের মানুষজন। নদীটির আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার বাসিন্দা আবদুল জলিল বলেন, মইধ্যে মইধ্যে এক দুইডা ইলিশ পাওন যায়। জাউল্লাডি জাল দিয়া বেড় দেয়। একটা দুইডা ইলিশ উডে। এডি আবার মাইনষে কিন্না লইয়া যায়। গোমতী নদীতে ইলিশ পাওয়া বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের প্রানীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মহিউদ্দিন মোঃ শাহাজাহান ভূঁইয়া। তিনি বলেন, গোমতী নদীটি মেঘনার সাথে মিলিত হয়েছে। ইলিশ মূলত সামুদ্রিক মাছ। তবে বছরের একটা নির্দিষ্ট সময় প্রজননের জন্য উজানের পদ্মাসহ অন্যান্য নদীতে আসে। হতে পারে পদ্মা ও মেঘনা হয়ে বিচ্ছিন্নভাবে দু চারটা ইলিশ গোমতীতে চলে আসছে। এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১