আপডেট : ১২ July ২০২১
পাইকগাছায় কপোতাক্ষের চরভরাটি জমি জবর দখলের প্রতিযোগিতা চলছে। উপজেলা আওয়ামী লীগ নেতাসহ এলাকার প্রভাবশালীরা কপোতাক্ষপাড়ের হিতামপুর মৌজার প্রায় দেড়শ বিঘা সরকারি খাস জমি জবর দখল করে রেখেছে। অনেকেই নতুনভাবে যুক্ত হচ্ছেন জবর-দখল প্রতিযোগিতায়। এদিকে বেদখলকৃত সরকারি সম্পত্তি সরকারের অনুকূলে আনতে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সরেজমিন দেখা যায়, উপজেলার গদাইপুর ও রাড়ুলী ইউনিয়নের সীমান্তবর্তী কপোতাক্ষ নদের পশ্চিম পাশে রাড়ুলীর পারে হিতামপুর মৌজায় প্রায় দেড়শ বিঘা সরকারি খাস জমি রয়েছে। বোয়ালিয়া ব্রিজ থেকে নতুন আবাসন পর্যন্ত এবং নতুন আবাসনের অপর পাশের এসব সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে দখলের প্রতিযোগিতা চলছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধুসহ কমপক্ষে ২০জন ব্যক্তি এসব জমি অবৈধভাবে জবর দখল করে রেখেছেন। যাদের কারো কোনো বৈধ কাগজপত্র নেই। স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, কপোতাক্ষ নদের পাড়ে প্রায় দেড়শ বিঘা মতো সরকারি খাস জমি রয়েছে। সমীরণ সাধুসহ অনেকের দখলে রয়েছে এসব সরকারি জমি। সম্প্রতি লকডাউনের মধ্যে সমীরণ সাধু ও তার লোকজন ৯৫১ দাগে চরভরাটি জমি বাঁধ দিয়ে জবর দখল করার চেষ্টা করলে আমি তাদের কাজ বন্ধ করে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। এমনকি সমীরণ সাধুর সঙ্গে সরাসরি দেখা করে বাঁধ দেওয়ার কাজ বন্ধ রাখার কথা বলি। কিন্তু পরবর্তীতে তিনি তার লোকজন নিয়ে আবারো বাঁধ দেওয়ার কাজ শুরু করলে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা ভূমি অফিসের পক্ষ থেকে কার দখলে কতটুকু রয়েছে, তা মেপে লাল পতাকা টানানোর মাধ্যমে সীমানা নির্ধারণ করি। এবিষয়ে উপজেলা আওয়ামী লীগনেতা সমীরণ সাধুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক জানান, ইতোমধ্যে আমরা সমস্ত জমি মেপে লাল পতাকা টানিয়ে দিয়েছি। জবর দখলকারী অনেক লোকের নাম পাওয়া গেছে, তারা আবার অনেকেই বৈধ বলে দাবি করেছেন। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ইতোমধ্যে অনেক সরকারি জমি ও সরকারি খাল উদ্ধার করা হয়েছে। এমনিভাবে কপোতাক্ষ চরের হিতামপুর মৌজার সরকারি খাস জমি সার্ভেয়ার দিয়ে মেপে লাল পতাকা টানানোর মধ্য দিয়ে সরকারের অনুকূলে নেওয়া হয়েছে। জবর দখলকারী যতো শক্তিশালী হোক না কেনো তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। -
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১