বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০২১

করোনায় আরও ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৫১


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৯২ জনের।

এর আগে, বুধবার (৭ জুলাই) ২০১ জন মারা যান, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। সোমবার মারা যান ১৬৪ জন, যা দেশে এক দিনে করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু। মঙ্গলবার মারা যান চতুর্থ সর্বোচ্চ ১৬৩ জন। এছাড়া, কয়েকদিন ধরে করোনায় মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৫১ জন, যা এক দিনে সর্বোচ্চ। এর আগে গত মঙ্গলবার ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হয়েছিলেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে।  

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ২৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৭, ৪১ থেকে ৫০ বছরের ২৮, ৩১ থেকে ৪০ বছরের ৬, ২১ থেকে ৩০ বছরের ৯ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১