বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০২১

বগুড়ার সুবিল খাল সেতু এখন মরণ ফাঁদ


বগুড়ার ধরমপুরে দু'বছর ধরে পথচারী ও যান চলাচলের অনুপযোগী সুবিল খাল সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতু ভেঙ্গে যাবার ফলে পথচারী ও যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। সেতুর পাশে একটি কাঠের সংযোগ সেতু তৈরি করা হলেও লোকজন চলাচলে ভীতি কাজ করে।

জানা গেছে, বগুড়ার এরুলিয়া, নিশিন্দারা, ছোট কুমিড়া, বড় কুমিড়া, বানদীঘি, ধরমপুর, ল্যাংড়াবাজার, শাওল, আড়োলা, মাটিডালী, জয়পুরপাড়া, ফুলবাড়ী, মগলিশপুর ও বিসিকের হাজার হাজার লোক যান চলাচল হতে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে এলাকার লোকজন মারা গেলে পারাপারে অসুবিধা হওয়ায় কবরস্থানে নিতে হিমশিম খেতে হয়। ট্রাকে  নিয়ে বিকল্প রাস্তায় কবরস্থানে পৌঁছাতে বেশ টাকা গুনতে হচ্ছে

এলাকার আলতাফ হোসেনের সাথে কথা বললে তিনি জানান, বিসিক শিল্প নগরীতে বিভিন্ন গ্রাম থেকে শ্রমিকরা খুব সহজে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতো। সেতুর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে তাদের যাতায়াতের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

একই এলাকার আলাউদ্দীন জানান, এমন গুরুত্বপূর্ণ সড়কে দুই বছর আগে সেতু ভেঙ্গে গেলেও এখনও সেতুটি নির্মাণের কোন ধরনের তৎপরতা নেই। এতে হতাশায় ভুগছে এলাকাবাসীরা।

একই এলাকার মো. দুলাল জানান, ধরমপুর এলাকা বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডে হওয়ায় মেয়র রেজাউল করিম বাদশা বেশ কয়েকদিন আগে সরেজমিনে পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে কথা বলবেন বলে জানান। বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা দেশজুড়ে সুষমভাবে বাস্তবায়ন করছে ।

রেবেকা বেগম জানান, ধরমপুর আমার বাবার বাড়ি। খুব সহজেই যান যোগে আসতাম অথচ এখন ঘুরে ঘুরে আসতে হয়। এতে একদিকে সময়ও লাগে বেশি টাকাও দ্বিগুণ খরচ হয়।

এলাকাবাসী জানান, এ ভাঙ্গা ব্রিজে গত দুই বছরে কয়েকজন মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকারও হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বগুড়া নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোরশেদ জানান, ইতিমধ্যে সেতুটি নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই টেন্ডারের মাধ্যমে এটি নির্মাণ করার জন্য ব্যবস্থা করা হবে। এ সেতুটি দ্রুত নির্মাণ করাই এখন এলাকাবাসীর প্রাণের দাবি হিসেবে স্থান পেয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১