বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২১

ঢাকায় প্রচণ্ড ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি


টানা কয়েকদিনের প্রচণ্ড তাপদাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেল ঢাকাবাসী। বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টা ২৫ মিনিটে প্রচণ্ড ঝড়ের সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

বিগত কয়েকদিন ধরে সারা দেশে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে জনজীবনে।

এদিকে প্রচণ্ড ঝড়ের কারণে রাজধানীর মহাখালীতে একটি গাছ উপড়ে গেছে। মহাখালী থেকে গুলশানে যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে সেখানে গাছটি উপড়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে গাছ সরানোর কাজ শুরু করেন।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পাশে থাকা বিদ্যুতের খুঁটির ওপর গাছটি পড়ে যাওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থা: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১