বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২১

চাঁদপুরে নিখোঁজ সবজি বিক্রেতার অর্ধগলিত লাশ উদ্ধার


চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকার একটি ভুট্টার জমি থেকে নিখোঁজ সবজি বিক্রেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। লাশ উদ্ধারের কিছু পরেই নিহতের পরিবার নিহতের জুতা, লুঙ্গি আর চাবি দেখে লাশ শনাক্ত করে।

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয়রা সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ের চরবাকিলা ও দেবপুর এলাকার মধ্যবর্তী কৃষি মাঠের একটি জমিতে লাশটি দেখতে পায়। এর পরেই সদর থানার ওসি আবদুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে সুরতহালসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। উদ্ধারকৃত মৃত যুবক একই ইউনিয়নের কামরাঙ্গা মুন্সী বাড়ির মৃত রুস্তম মুন্সির ছেলে ওসমান মুন্সীর। সে ভ্যানে করে গ্রামে গ্রামে তরকারি বিক্রিয় করতো। যুবকটি নব-বিবাহিত। গত ১৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিলো।

কামরাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু ছায়েদ বেপারী জানান, গত ১৪ এপ্রিল থেকে ওসামন মুন্সি নিখোঁজ ছিলো।

কয়েক মাস আগে ওসমান বিদেশ থেকে দেশে চলে দেশে আসে। এর পরেই সে কাঁচামালের ব্যবসা শুরু করে কামরাঙ্গা বাজারে। সম্প্রতি সে ভ্যানে করে গ্রামে গ্রামে তরকারি বিক্রি করা শুরু করে। গত ১৪ এপ্রিল মোবাইল ফোন ঘরে রেখে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। কিছু দিন আগে পারিবারিকভাবে সে বিয়ে করে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুত নিচ্ছি। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১