বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০২১

অর্থনীতি শক্তিশালী করাই লক্ষ্য


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী বাজেটে (২০২১-২২ অর্থবছর) দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরো শক্তিশালী ও সম্প্রসারিত করাই আমাদের মূল লক্ষ্য। গতকাল দুপুরে ১২টি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের  প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যবসায়ীরা তাদের সমস্যা, প্রত্যাশা ও প্রাপ্তিসহ সবকিছু আমাদের জানিয়েছেন। তাদের বক্তব্যে মূলত ট্যাক্স রিলেটেড বিষয়গুলোই বেশি। তিনি বলেন, আমাদের বাজেটের যে রূপরেখা আছে সেখানে ব্যবসায়ীদের উপযোগী ও কল্যাণকর পরামর্শগুলো সরকার বিবেচনায় নেবে। তাদের দাবিগুলোকে একেবারে অযৌক্তিক বলব না। তবে এসব দাবির কতটুকু আমরা পূরণ করতে পারবো সেটি বাজেট টিম, ব্যাংক, এনবিআরসহ যারা আছে তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো। করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমাদের বাজেটের সবসময়ই একটা লক্ষ্য থাকে। আর এবারের লক্ষ্য হলো- আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরো সমৃদ্ধ করা, আরো সম্প্রসারিত করা। আমরা এই কাজগুলো করতে পারলে সবার হা-হুতাশ কমে যাবে, সবার কাছে টাকা পয়সা থাকবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে রেভিনিউ জেনারেট করা, রেভিনিউ জেনারেট করতে গিয়ে যেন অন্য কোনো বিষয় মুখোমুখি চলে না আসে সেদিকে লক্ষ রাখতে হচ্ছে। আমাদের ডোমেস্টিক ইন্ড্রাস্টিকে আরো সমৃদ্ধ করতে চাই, এটি বিকশিত হলে আমাদের রেভিনিউ জেনারেশন সহজলভ্য হবে। তাদের হাত ধরেই একদিকে রেভিনিউ কালেক্ট করবো অন্যদিকে কর্মসংস্থান নিশ্চিত হবে।

গত বাজেটে করোনা মোকাবিলার ভালো ধারণা ছিল, এবারো কোনো আশার বাণী আছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমাদের আমার বাণী হচ্ছে দেশের সব মানুষ মূল্যবান সম্পদ। প্রত্যেক মানুষের জীবন-জীবিকা যাতে ব্যাহত না হয় সেজন্য সবসময় আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি। তিনি সবসময় এ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেন।

আলোচনায় দ্য ফেডারেশান অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট ড. রুবানা হক, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রেসিডেন্ট এ কে এম সেলিম ওসমান ও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বাংলাদেশ টেক্সটাাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বার বিল্ডিংয়ের (এমসিসিআই) ব্যারিস্টার নিহাদ কবীরসহ ব্যবসায়িক নেতারা এতে অংশ নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১