আপডেট : ০৫ April ২০২১
চাঁদপুরে সরকারের ঘোষিত লকডাউনেরর প্রথম দিনে লকডাউন বিরোধী ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ব্যবসায়ীরা সমাবেশ করে। আজ সোমবার বেলা ১২টার দিকে লকডাউন বিরোধী এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। চাঁদপুর শহরের হাকিম প্লাজা ও হকার্স মার্কেটেরর সাধারণ ব্যবসায়ীরাসহ অন্যান্য ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে চাঁদপুর পৌরসভার সামনে অবস্থান নেন। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি ফের হকার্স মার্কেটের সামনের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থান করে, চাঁদপুর টাওয়ারের সামনে তারা সমাবেশ করেন। খবর পেয়ে রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ সহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের সাথে কথা বলে বিষয়টি স্বাভাবিক করেন। এসময় হুমায়ুন কবির, ফখরুল ইসলাম কালু, শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান কিরণসহ বেশ কয়েকজন সাধারণ ব্যবসায়ীরা জানান, আমরা চাই লকডাউনে যেহেতু অফিস-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকেও নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হোক। লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই আমরা ব্যবসায়ীরা। আমরা কোন প্রকার সাহায্য সহযোগিতা পাইনি এজন্য আমাদের দাবি আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়া হোক। এ বিষয়ে রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু বলেন, সরকারের দেয়া বিধি নিষেধ মেনে এবং সম্মান জানিয়ে আমরা চলতে চাই। যেসব ব্যবসায়ীরা লকডাউন এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এর সাথে আমাদের হর্কাস মার্কেট ব্যবসায়ীরা জড়িত নয়। বাইরের কিছু লোক যদি বিক্ষোভ মিছিল করে তাহলে তো সেখানে অনেকেই তা দেখতে ছুটে যান। তিনি বলেন, সরকার ঘোষিত লকডাউনের এই এক সপ্তাহ আমরা আগে দেখব তারপর না হয়, অবস্থা বুঝে আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করবো। আজকে যারা এই বিক্ষোভ মিছিল করেছে এর জন্য তারাই দায়ী। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ জানান, লকডাউনেরর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলটির মূল উদ্যোগ নিয়েছে হাকিম প্লাজার ব্যবসায়ীরা। পরে হকার্স মার্কেটের ব্যবসায়ীরা এতে যোগ দিয়েছেন। আমি তাদের সাথে কথা বলেছি যে, সরকারের দেয়া নির্দেশনাকে তো কখনো বিক্ষোভ করে নির্দেশ অমান্য করা যাবে না। আপনাদের যদি কোনো দাবি থাকে সেজন্য আপনারা চাঁদপুর জেলা প্রশাসক বরাবর আবেদন করতে পারেন। যারা ব্যবসায়ী সমিতির নেতারা রয়েছেন আমরা তাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১