আপডেট : ২৪ March ২০২১
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতীক মহাত্মা গান্ধী। তিনি নিজে ছিলেন দুর্নীতি-অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। একদিন এক সভায় তিনি বলেছিলেন, ‘ঘুষ নেওয়া অন্যায়।’ সেখানে উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কী শুনেছেন তা অজানা। কিন্তু অনেকে ঠাট্টা করে বলেছেন, বাক্যটি নাকি ছিল ‘ঘুষ নেওয়া অন্য আয়।’ কথাটা তখন হাস্যকর হলেও বর্তমানের বাস্তবতার নিরিখে সত্য। দেশের গুরুত্বপূর্ণ সরকারি অফিস যেন অনিয়ম আর ঘুষের আখড়া হয়ে দাঁড়িয়েছে। সাধারণ জনমানুষ কাউকে পাসপোর্ট কিংবা ভূমি অফিস ইত্যাদির নাম বললেই টাকা খোয়ানোর ভয়ে আঁতকে ওঠে। সেইসাথে দুর্নীতি নামক সংক্রামক মহাব্যাধির বিস্তার দেশের সরকারি অন্যসব প্রতিষ্ঠান, যেমন স্বাস্থ্য খাত, ব্যাংক, জন্ম-মৃত্যু নিবন্ধন অফিসসহ এমনকি যে কমিশন দুর্নীতি রোধ করে সেই ‘দুদক’ পর্যন্ত সংক্রমিত হয়ে গেছে। বাদ যায়নি শিক্ষা খাতের মতো অতি গুরুত্বপূর্ণ খাতও। দেশের নানা খ্যাতিমান নেতৃত্বের মুখেও শিক্ষক নিয়োগ বাণিজ্য নিয়ে ঘুষের গোমর ফাঁস হয়েছে। এই যদি হয় শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থা, তাহলে শিষ্যের অবস্থা কেমন হবে? কারণ শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ! ঘুষ খেয়ে শিক্ষক নিয়োগ দিলে শিক্ষার্থী-শিক্ষকের যোগ্যতার আনুমানিক অবস্থান বিচার সম্ভবত আঁচ করাই যায়! দার্শনিক রুশো বলতেন, ‘আমাদের জন্মকালীন ত্রুটি, পূর্ণ মনুষ্যত্ব লাভে যা কিছু প্রয়োজন, তার সবই পূরণ করে শিক্ষা!’ কিন্তু এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায়? বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটা সেক্টরেই কমবেশি দুর্নীতি রয়েছে। তার উদাহরণস্বরূপ করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার স্থানীয় জনপ্রতিনিধিগণের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালিত করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বিশালসংখ্যক প্রতিনিধির বাড়িতে অঢেল পরিমাণ ত্রাণের চাল-ডালসহ নানা পণ্য পাওয়া গেছে। সে অনুযায়ী সরকার কাজও করছে, তবুও টিআইবির পরিসংখ্যানে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশন ইনডেক্স-সিপিআই ২০২০)-এ ২৬ স্কোর নিয়ে সর্বোচ্চ গণনা থেকে ১২তম অবস্থানে আছে বাংলাদেশ। অথচ ভুটান সেই স্কোরে ৬৮ নিয়ে সর্বোচ্চ গণনা থেকে ২৪তম অবস্থানে আছে। ব্রিটেনে পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশের মতো এতটা পাসপোর্ট অফিস নেই। কিন্তু ওরা সহজ-সাবলীলভাবেই পাসপোর্ট পাচ্ছে। তাই বাংলাদেশে এখন দরকার দেশের প্রতিটা মানুষের নিকুচি-গোষ্ঠী সরকারের একটা কেন্দ্রীয় ডেটাবেসে থাকা, কোনো মানুষ বিয়োগ হলে বা যোগ হলে সাথে সাথে যাতে সেই ডেটা আপডেটেড হয়ে যায়। এখানে পুলিশি অভিযোগসহ একটা ব্যক্তির বিস্তারিত তথ্যাদি এবং ঐ ব্যক্তিকে যাতে ফের পুলিশ ভেরিফিকেশনে পড়তে না হয়, এমনকি অপরাধী শনাক্তকরণ, তার অবস্থান বের করা, ঋণ উত্তোলন থেকে নাগরিক সুবিধা দেওয়ার ক্ষেত্রেও যেন এ ডেটা ফলদায়ক হয়, সেটা নিশ্চিত করতে হবে। অন্যদিকে দেশের পোস্ট অফিসগুলোকে ঢালাওভাবে গুছিয়ে কাজে লাগানো। কারণ পোস্ট অফিস রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গড়ে তোলা হয়েছে এবং যে-কোনো নাগরিক অনলাইনে আবেদন করে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্টসহ দরকারি ডকুমেন্টস যাতে হাতেনাতে পেয়ে যায় এমন ব্যবস্থা প্রস্তুত করা। আবার রাষ্ট্রের যে-কোনো মন্ত্রণালয়ের যে-কোনো পরিষেবা পাওয়ার জন্য অনলাইনেই কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া। সরকারের উচিত অতি দ্রুত ঘুষ-অনিয়ম বন্ধে একটা কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে আসা। ১৯৭৩ সালের ৩ জানুয়ারি বরগুনার এক জনসভায় দেওয়া ভাষণে দুর্নীতি-অনিয়ম নিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এখনো কিছুসংখ্যক লোক, এত রক্ত যাওয়ার পরেও যে সম্পদ আমি ভিক্ষা করে আনি, বাংলার গরিবকে দিয়ে পাঠাই, তার থেকে কিছু অংশ চুরি করে খায়। এদের জিহ্বা যে কত বড়, সে কথা কল্পনা করতে আমি শিহরিয়া উঠি। এই চোরের দল বাংলার মাটিতে খতম না হলে কিছুই করা যাবে না। আমি যা আনব এই চোরের দল খাইয়া শেষ করে দেবে। এই চোরের দলকে বাংলার মাটিতে শেষ করতে হবে।’ সে অনুযায়ী বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি প্রশংসনীয় এবং সেটা যেমনভাবে প্রয়োগ চলছিল সব সময় তেমনভাবে প্রয়োগ অব্যাহত রাখা অত্যাবশ্যকীয়। জ্ঞান-বুদ্ধি আছে বলেই সৃষ্টির সেরা জীব মানুষ। কিন্তু দুর্নীতি-অনিয়মের ক্ষেত্রে ওরা নীতি-নৈতিকতা স্খলিত হিতাহিত জ্ঞান হারিয়ে কুকর্ম করে চলেছে। সুতরাং সমাজের প্রতিটা মানুষের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং স্বীয় কাজের জন্য স্বেচ্ছায় অর্থ লেনদেন থেকে বিরত থাকা উচিত। আশা করি প্রতিটা সেক্টরে আরো বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের মাধ্যমে এই দেশ কাঙ্ক্ষিত সোনার বাংলায় রূপান্তরিত হবে। লেখক :রিপন চন্দ্র পাল শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১