বাংলাদেশের খবর

আপডেট : ১৬ February ২০২১

আ.লীগে থাকতে হলে ত্যাগী নেতা হতে হবে: ফারুক খান এমপি


আওয়ামী লীগের রাজনীতি  ভোগের রাজনীতি নয় বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুহাম্মাদ ফারুক খান।

আজ মঙ্গলবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

ফারুক খান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন। এই উপ-মহাদেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহী সংগঠন। সংগঠনের জন্মলগ্ন থেকেই এ দলের নেতারা সবোর্চ্চ ত্যাগ শিকার করে এসেছেন। তাদের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে দলের সাথে কাজ করে গেছেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি  ভোগের রাজনীতি নয়, আওয়ামী লীগ হচ্ছে ত্যাগের রাজনীতি। আমরা তাদেরকে দল থেকে সরিয়ে দেব যারা দলের সাথে বেইমানি করবে বা বিগত দিনে করেছে।  বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকতে হলে ত্যাগী হতে হবে।

এসময় তিনি আরও বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম মডেল। তিনি বাংলাদেশের জনগনকে বিনামূল্যে করোনা টিকা প্রদান করছেন। আওয়ামী লীগ সরকার দেশ সুন্দর ভাবে, পরিকল্পনা মাফিক পরিচালনা করে যাচ্ছে। স্কুল, কলেজ, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, মসজিদ মাদ্রাসা মন্দিরের উন্নয়ন করে যাচ্ছে। দেশের মানুষের আয় বৃদ্ধিসহ দেশ উন্নত হচ্ছে।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার প্রমূখ।

এর পরে তিনি মুকসুদপুর উপজেলা পরিষদের উন্নয়ন সম্বয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ওই সভায় সরকারি সকল দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন। বিকেলে তিনি মুকসুদপুর উপজেলা জলিরপার ইউনিয়ন কমপ্লেক্স ভবন এবং এলজিইডির মাধ্যমে এমবিআর বিল রুট ক্যানেলের উপর ৫০ কোটি টাকা নির্মিত ব্যয়ে গার্ডার সেতু উদ্বোধন  করেন। এসময় উপজেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১