আপডেট : ৩০ January ২০২১
নওগাঁর আত্রাইয়ে মূর্তি কারবারি চক্রের নারীসহ ১০ সদস্যকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। দেশের বিভিন্ন জেলা থেকে মূর্তি কিনতে এসে কথারজালে জড়িয়ে পরে তারা। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে শনিবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করে আত্রাই থানা। জানা যায়, শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার ডোখলপাড়া গ্রামের নঈমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০) বিশেষ ধাতব (যা আগুনে গলেনা) দ্বারা তৈরি “প্লাটিনাম” (মূর্তি) বিক্রির প্রলোভন দিয়ে একটি প্রতারক চক্রকে আত্রাইয়ে নিয়ে আসে। শুক্রবার বেলা ১০ টার দিকে ১০ জনের ওই চক্র উপজেলার আহসানগঞ্জ হাট চত্বরে পৌঁছালে সেখানে তাদের মাঝে দর কষাকষি শুরু হয়। এদিকে ক্রেতা সেজে আগতরা আগে প্লাটিনাম দেখতে চায়। বিক্রেতা আনোয়ার বলে আগে ৩ কোটি টাকা দিন। টাকা দিলে প্লাটিনাম দেব। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা শুরু হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী বিষয়টি জানতে পেরে থানাকে জানান। পরে আত্রাই থানা পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার ডোখলপাড়া গ্রামের নঈমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), মাদারীপুরের রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত মোসলেম মাতব্বরের ছেলে সেন্টু মাতব্বর (৩৮), গোপালগঞ্জ সদর উপজেলার কেকনিয়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে হানিফ মিয়া (৪০), একই উপজেলার নিজরা গ্রামের লুৎফর রহমানের ছেলে আজিজুর রহমান (৩৮), বি.বাড়িয়ার নাসিরগঞ্জ উপজেলার বড়ইউড়ি গ্রামের হরি চরন সরকারের ছেলে বিমল চরণ সরকার জয় (৪০), দিনাজপুরের বিরল উপজেলার রাজুরিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে ছাইফুল ইসলাম (৪৫), নড়াইলের নরাগাঁথী উপজেলার কেশবপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে রুবেল (৩৪), একই উপজেলার একই গ্রামের সবুর মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩০), নওগাঁর বদলগাছি উপজেলার পুকুরিয়া গ্রামের মফিজ মিলিটারীর ছেলে জাহিদ (৪০), যশোরের অভয়নগর উপজেলার বাশুরিয়া দিঘীরপাড় গ্রামের ইব্রাহীম মোল্লার মেয়ে রোজিনা (৩০)। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাদেরকে আটক দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।শনিবার সকালে তাদের সবাইকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১