বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০২১

ঢাকার ৫টি হাসপাতালে করোনার টিকাদান শুরু


রাজধানীর পাঁচটি হাসপাতালে আজ থেকে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ছাড়াও, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা জেনারেল হাসপাতালে এক যোগে শুরু হয় এই কার্যক্রম। এজন্য হাসপাতালগুলোতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রথমে টিকা দেয়া হচ্ছে। 

পর্যায়ক্রমে করোনার সম্মুখসারির যোদ্ধা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সামরিক বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মীসহ নীতি মালা অনুযায়ী অন্যান্যদের টিকা দেয়া হবে। প্রথম দিন রাজধানীর এই পাঁচ হাসপাতালে ১০০ জন করে ৫০০ জনকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃৃপক্ষের।

এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে টিকা প্রদান করা হবে যার তালিকা এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ।

এরপরই টিকার নিবন্ধন করতে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে অ্যাপ ‘সুরক্ষা’।  চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও প্রশাসনের লোকজনসহ ১০০ জনের মতো স্বাস্থ্যকর্মীর তালিকা চূড়ান্ত করা হয়েছে।  তবে কাউকে জোর করে টিকা দেওয়া হবে না। যারা স্বেচ্ছায় টিকা নিতে চান, কেবল তারাই টিকা পাবেন।

টিকাদানের পর পর্যবেক্ষণ শেষে আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী ব্যাপক হারে টিকা কার্যক্রম শুরু হবে। টিকা নিয়ে কোন সংশয় নেই বলে আবারো জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তবে, পরিকল্পনা অনুযায়ী, অন্তঃসত্ত্বা নারী ও ৩৭ শতাংশ জনগোষ্ঠী যারা ১৮ বছরের কম বয়সী, তাদেরও টিকা দেওয়া হবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১