বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০২০

অসচেতনতায় করোনা উপসর্গে পরিবর্তন


বিশ্বকে প্রায় থামিয়ে দেওয়া করোনাভাইরাস বাংলাদেশে নতুন নতুন উপসর্গ নিয়ে হাজির হচ্ছে। শুরুর দিকে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর উপসর্গ ছিল শুকনো কাশি, জ্বর, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা এবং গলা ব্যথা। এরপর অক্টোবর পর্যন্ত রোগীভেদে উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা গেলেও বড় ধরনের পরিবর্তন ছিল না। কিন্তু নভেম্বর থেকে দেশে করোনা আক্রান্ত রোগীদের উপসর্গে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।    

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অসচেতনতার কারণে দেশে করোনা আক্রান্তদের উপসর্গে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। তাই কোনো ধরনের উপসর্গ ছাড়াই অনেক মানুষকে করোনাভাইরাসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন- শুকনো কাশি, জ্বর, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা এবং গলা ব্যথা এগুলো ছিল পুরনো লক্ষ্মণ। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছিল কাঁপুনি, পেশির যন্ত্রণা, মাথাব্যথা, কিছুতে স্বাদ না পাওয়া এবং কোনো কিছুতে গন্ধ না পাওয়া। এরপর উপসর্গ যুক্ত হয় পেশি ও গিঁটে গিঁটে ব্যথা, তবে সেটা সবার ক্ষেত্রে নয়। কিন্তু সম্প্রতি করোনা উপসর্গে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। যেমন- অনেকের কোনো উপসর্গই নেই, তারপরও বার বার পরীক্ষায় এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। জনগণের অসচেতনতায় এমনটি হচ্ছে বলে তিনি মনে করেন।   

বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞ ডা. আবদুস শাকুর খান বলেন, করোনার উপসর্গ এখন আগের মতো শুধুই জ্বর, সর্দি-কাশির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা, অবসাদ, পেটে সমস্যাসহ আরো বেশকিছু উপসর্গ যোগ হয়েছে। আর উপসর্গের এই পরিবর্তন গত মাস ধরে দেখা যাচ্ছে।  অনেক রোগীরই জ্বর-কাশি নেই। কিন্তু অবসাদ-ক্লান্তি, রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা, পেটে সমস্যা এমনকি কিডনি জটিলতা নিয়ে যাচ্ছেন চিকিৎসকদের কাছে। পরে টেস্টে মিলছে করোনাভাইরাসের উপস্থিতি। তাই কারণ না জানা গেলেও, দেশে করোনার উপসর্গ যে বদলাচ্ছে এতে কোনো সন্দেহ নেই।

ডা. আবদুস শাকুর খান বলেন, অনেকের ধারণা উপসর্গের এই বদল কোভিড নাইনটিনের রূপ পরিবর্তন বা মিউটেশনের জন্য হতে পারে। কিন্তু ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের হেড অব রিসার্চ ড. রিদওয়ানুর রহমান তা মনে করেন না। তিনি বলেন, এগুলো আগেও ছিল- চিকিৎসক কিংবা সাধারণ মানুষ বুঝতে পারেননি। তবে কারণ যা-ই হোক, এখন ছোটখাটো অসুস্থতাও কোভিডের লক্ষণের বাইরে নয় বলেই ধরে নিতে হবে-এমনটাই জানালেন এই চিকিৎসক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১