আপডেট : ২২ November ২০২০
বগুড়ার শেরপুর উপজেলায় বাস চাপায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে।এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের জেলার শেরপুর উপজেলার ধনকুন্ডি আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস উল্লেখিত স্থানে চান্দাইকোনাগামী একটি যাত্রী বোঝাই অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শেরপুর উপজেলার চকপাথাড়ী গ্রামের মরহুম মোংলা হাজীর পুত্র ভ্যানচালক আব্দুল হাই প্রাং (৬০), একই গ্রামের ভ্যানযাত্রী মৃত ইসহাকের পুত্র আল আমিন (৩২) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (১০) নিহত হয়। প্রত্যেক্ষদর্শীরা জানান, ৬ জন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যান চান্দাইকোনা দিকে যাচ্ছিলো। এ সময় ধনকুন্ডি পেন্টাগন হোটেল পার হয়ে আমতলা নামকস্থানে ঢাকাগামী একটি কোচ পিছন থেকে অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ঢাকাগামী কোচটি পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আহত তিনজনের মধ্যে এক নারীসহ ২জনের অবস্থা আশঙ্কাজনক। অপর তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১