বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০২০

আখাউড়ায় হিন্দু পরিবারের জায়গা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেদখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দুটি হিন্দু পরিবার।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের রাধানগর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন টিটন বনিক ও লিটন বনিক পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টিটন বনিকের ছোট ভাই শিপন বনিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাধানগর মৌজার এসএ ১৬৬, বিএস ২৬৭ ও ২৬৮ দাগে আমাদের ১৮.১৮ শতাংশ বসত বাড়ি ছিল। এরমধ্যে বিএস জরিপের সময় উক্ত ভূমির কিছু অংশ আমাদের নামে জরিপ হয়। বাকী ভূমি পাশের বাড়ির বিল্লাল ও তাজুল ইসলামের রেকর্ড হয়। আর কিছু অংশ খ তফসিলের ১/১ খতিয়ানে লিপিবদ্ধ হয়। বিএস রেকর্ড হওয়ার কারণে বিল্লাল ও তাজুল ইসলাম আমাদের বাড়ি ভূমি জবর দখল করে রেখেছে। আমাদের মালিকীয় ভূমি ছাড়ার জন্য বিল্লাল ও তাজুল ইসলাম বলা হলেও তারা দখল ছাড়ছে না। বরং আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এসব ভূমি জবর দখলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেছি। মামলায় আমাদের পক্ষে রায় এসেছে। তারপরও তারা আদালতের রায় অমান্য করে আমাদের বাড়ি ভূমি দখল করে রেখেছে। আমাদের ভূমি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অবৈধ দখলদার গং আমাদের জায়গা না ছাড়লে আগামী ২০ থেকে ২২ নভেম্বর ৩ দিন মানববন্ধন কর্মসূচি পালন করব। তাতে দাবি আদায় না হলে ২৩ নভেম্বর সকালে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করব। তাতেও দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ ব্যপারে জানতে চাইলে বিল্লাল মিয়া ও তাজুল ইসলাম বলেন, আমরা কারও সম্পত্তি দখল করিন এবং কাউকে হুমকি ধমকিও দেইনি। আমরা আমাদের ক্রয়কৃত ভূমিতে বসবাস করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১