আপডেট : ০৭ November ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ২৮৯ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২৮৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪১৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ২৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ২৩ শতাংশ। নতুন যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ এবং নারী দুজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৫৭ জন বা ৭৬ দশমিক ৯৯ শতাংশ এবং নারী এক হাজার ৩৯২ জন বা ২৩.১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৪ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.৩৭ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১