আপডেট : ০৭ November ২০২০
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, দেশিও অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরীর সরঞ্জাম সহ ৪ জঙ্গিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শনিবার বেলা ১১টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বলেন, গোয়েন্দা তথ্য পেয়ে শুক্রবার রাত দেড়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকার একটি মাঠে অভিযান চালিয়ে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরীর সরঞ্জাম সহ ৪ নব্য জঙ্গিকে আটক করেছে। এ সময় সেখান থেকে নব্য জেএমবি’র আইটি সদস্য মোঃ তানভীর আহম্মেদ (২৫) , জেএমবি’র মিডিয়া শাখার প্রধান মোঃ জাকারিয়া জামিল (৩১), নব্য জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ আতিকুর রহমান (২৮) ও মোঃ আবু সাঈদ (৩২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড ৭.৬৫ পিস্তলের গুলি, একটি দেশি তৈরি ওয়ান সুটার গান, দুইটি কার্তুজ, ৩টি অত্যাধুনিক বার্মিজ চাকু, ১টি চাপাতি, ১ কেজি বিস্ফোরক দ্রব্য(পটাশিয়াম ক্লোরেট), ২টি লাল টেপ, ৪টি ব্যাটারি, উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ তানভীর আহম্মেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের ছাত্র। এ বছরের শুরুতে জানুয়ারী মাসে আশুলিয়াতে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে জঙ্গি পুস্তক, ইলেকট্রনিক ও ড্রোন তৈরির সরঞ্জামসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়াও জাকারিয়া জামিল নব্য জেএমবি’র মিডিয়া শাখার প্রধান হিসেবে দায়িত্বশীল পদে রয়েছে। জঙ্গি সংক্রান্ত অনলাইনে প্রকাশিত বিভিন্ন প্রকাশনাগুলোকে সে আরবি থেকে বাংলায় অনুবাদ করে প্রচার করে। জামিল আশুলিয়ার মামলার পলাতক আসামি। ডিআইজি আরো জানান, উদ্ধার হওয়া বিস্ফোরক দিয়ে ৫০টির মতো উচ্চক্ষমতা সম্পন্ন বোমা বানানো সম্ভব। এ ব্যাপারে বগুড়ার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১