বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২০

তাজরীন শ্রমিকদের সমর্থনে প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত


ক্ষতিপূরণসহ ৩ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনরত তাজরীন শ্রমিকদের সমর্থনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন এর উদ্যোগে আজ ৩১ অক্টোবর শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি শ্রমিকনেত্রী শবনম হাফিজ এর সভাপতিত্ত্বে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শামীম ইমাম, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল কুমার দাস, আন্দোলনরত তাজরিন গার্মেন্টসের জরিনা বেগম, মোঃ আকাশ।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের ঢাকা মহানগর সম্পাদক নজরুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ছাত্রনেতা ইকবাল কবীর, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নেতা শফিউল আলম আজাদ প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন, তাজরিন গার্মেন্টসে আগুন লাগার পর আট বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত এই শ্রমিকেরা শ্রম আইন সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী ক্ষতিপূরণ পায়নি। শুধু তাই নয় এখনো পর্যন্ত শ্রমিক হত্যাকারী মালিক দেলোয়ারের কোন সাজা হয়নি। এর দ্বারাই প্রমাণিত হয় বর্তমান সরকার কাদের, শ্রমিকের না মালিকের?

নেতৃবৃন্দ, অবিলম্বে অগ্নিকাণ্ডে নিহত, আহত, স্থায়ী সম্পূর্ণ অক্ষম ও পঙ্গু শ্রমিকদের একজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১