বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০২০

৯৯৯ ফোন পেয়ে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৬


গাজীপুরের শ্রীপুরে ৯৯৯ এ ফোন পেয়ে জিম্মিদের উদ্ধার করতে গিয়ে হামলায় শিকার হয়েছে পুলিশ। আজ শনিবার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ৯৯৯ এ ফোন পেয়ে  জিম্মি অবস্থায় থাকা তিন ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে এ আক্রমণের শিকার হয়ে তিন পুলিশ সদস্য আহত হয় । এ সময় পুলিশের অস্ত্র ও গুলি কেড়ে নিয়েছে হামলাকারীরা । পরে অভিযান চালিয়ে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় ছয় জনকে।  এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানার এসআই  রফিকুল ইসলাম-২, কনস্টেবল খোরশেদ আলম ও  মিজানুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন- শেরপুর জেলা সদরের  কালিগঞ্জ দমদমা গ্রামের আব্দুর রহমানের মেয়ে মোসাম্মৎ রুশনী আক্তার (৪০), শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন এর নোয়াগাঁও গ্রামের নাজমুল হোসেন রকির  স্ত্রী মনীষা মনি (২৫), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোঃ আজাহার উদ্দীন (৫৫), নয়নপুর  দীঘলাপাড়া  গ্রামের আফসার উদ্দিনের ছেলে ফরহাদ উদ্দীন (১৮), নড়াইলের লোহাগাড়া উপজেলার লাহুড়া  গ্রামের জাফর মোল্লার ছেলে তাজুল ইসলাম (২৪), ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামের মোহাম্মদ সোলায়মানের  ছেলে আবদুর রহমান (২০)।

এ সময় জিম্মিদশা থেকে উদ্ধার হয়েছেন, কুমিল্লার হোমনা উপজেলার মঙ্গলকান্দি গ্রামের শাহ আলমের ছেলে ফয়সাল আহমেদ,  একই জেলার দেবিদ্বার উপজেলার নাবিয়াবাধা  গ্রামের আয়াত আলী মুন্সির ছেলে আবুল হোসেন রনি এবং দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে আবুল কালাম।

মামলার বিবরণ ও জিম্মিদশা থেকে উদ্ধার ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, আবুল হোসেন রনি বিদেশে লোক পাঠানোর জন্য শ্রীপুরের ইসমাইলের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছিলেন।  কিন্তু করোনার কারনে তিনি বিদেশে লোক পাঠাতে পারেননি।  ইসমাইল হোসেন তাঁর টাকা ফেরত চাইলে রনি কিছু টাকা ফেরত দেন।  সম্প্রতি আরও কিছু লোক বিদেশে পাঠানো হবে জানিয়ে রনিকে শ্রীপুর আসতে বলেন । পরে রনি  গত বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলাম  মন্ডলের ওরফে কসাই রফিক মন্ডলের বাড়িতে  আসেন।  এ সময়  তাকে ইসমাইল ও তার সঙ্গে থাকা লোকজন আটক করে রাখে।  রনি বিষয়টি তার বন্ধু ফয়সাল আহমেদ কে জানালে পরদিন শুক্রবার ফয়সাল ও তার এক বন্ধু ঘটনাস্থলে আসেন।  তখন তাদেরকেও রনির সাথে আটক করে রাখা হয়।  এক ফাঁকে ফয়সাল বিষয়টি ৯৯৯ এ ফোন দিয়ে জানান । খবর  পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করতে গেলে এ আক্রমণের শিকার হন। 


 শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন,  এ ঘটনায় মামলা হয়েছে।  আসামিদের মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।  বাকিদের গ্রেপ্তারে পুলিশি কাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১